Monday, August 17, 2026
বাড়িখবররাজ্যগ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! ঘটনাস্থলেই হাতেনাতে ধরা চোর

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! ঘটনাস্থলেই হাতেনাতে ধরা চোর

চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো চোরের! গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার মুখে ঘটনাস্থলেই ঘুমিয়ে পড়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। অভিনব এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে হাসির খোরাকও তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা ফকিরবাড়ি পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে সমর সেতু এলাকার ফকিরবাড়ির বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে এক ব্যক্তি। এরপর সিলিন্ডারটি নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরই ঘটে বিপত্তি। রাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ ঘুম থেকে উঠে দেখতে পান, রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার উধাও। বিষয়টি বুঝতে পেরে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। আর তখনই চোখে পড়ে অবাক করার মতো দৃশ্য। বাড়ি থেকে কিছুটা দূরে গ্যাস সিলিন্ডারটি পাশে রেখে এক ব্যক্তি অঘোরে ঘুমিয়ে রয়েছে! প্রথমে বিষয়টি দেখে অবাক হয়ে যান বাড়ির মালিক। পরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা মিলে ঘুমন্ত অবস্থাতেই ওই ব্যক্তিকে ধরে ফেলেন।

অভিযোগ, এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে হাত-পা বেঁধে মারধর করেন। পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ইমান হোসেন। তার বাড়িও তেলকাজলা এলাকায়। ঘটনায় চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইমান এর আগেও এলাকায় একাধিক চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমনকি গরু চুরির ঘটনাতেও তার নাম উঠে এসেছে বলে দাবি স্থানীয়দের। তার কর্মকাণ্ডে নিজের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীও অতিষ্ঠ বলে অভিযোগ। স্থানীয়দের আরও দাবি, ইমান মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতেই চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। যদিও নেশাগ্রস্ত অবস্থায় চুরি করতে গিয়েই সে ঘুমিয়ে পড়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ। চুরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর বদলে ঘটনাস্থলেই ঘুমিয়ে পড়া—এই ঘটনায় এলাকায় যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, তেমনই ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে নানা রসিকতাও। তবে এর পাশাপাশি মাদকাসক্তি ও চুরির মতো অপরাধ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য