আগরতলায় অনুষ্ঠিত হলো লাইফ ইন্সুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের ১৮তম দ্বিবার্ষিক সাধারণ পরিষদ সভা। এজেন্টদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় ও আঞ্চলিক নেতৃত্ব।
রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় লাইফ ইন্সুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের ১৮তম দ্বিবার্ষিক সাধারণ পরিষদ সভা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি রণবীর শর্মা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরূপ ব্যানার্জি, আঞ্চলিক সভাপতি সনাতন লাহকর এবং আঞ্চলিক সেক্রেটারি আলোক কানুনগো। সভায় লাইফ ইন্সুরেন্স এজেন্টদের বিভিন্ন সমস্যা, পেশাগত চ্যালেঞ্জ এবং দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা এজেন্টদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষপর্বে সর্বসম্মতিক্রমে লাইফ ইন্সুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী দিনে এজেন্টদের স্বার্থরক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব।



