আগরতলা: শহরে ধারাবাহিক টমটম ও মোটরবাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া ৩টি টমটম, একটি টমটমের ব্যাটারি এবং একটি মোটরবাইক উদ্ধার করার পাশাপাশি তিনজন অভিযুক্ত চোরকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক টমটম ও বাইক চুরির অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একটি বিশেষ অভিযান চালায়।
এই অভিযানে তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি হওয়া টমটম, ব্যাটারি এবং মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতদের নাম শিবু সাহা, সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, শহরে চুরি রোধে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কড়া পদক্ষেপ নেওয়া হবে।



