শহরের অন্যতম ব্যস্ততম ভিআইপি রাস্তা, জিবি হাসপাতাল সংলগ্ন জিবি বাজার এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ, রোগী, তাদের পরিজন এবং ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই গুরুত্বপূর্ণ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। “ভোট আসে ভোট যায়, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না”—এই ক্ষোভই প্রকাশ পাচ্ছে সাধারণ মানুষের কথায়।
বিশেষ করে জিবি বাজার চত্বরে ড্রেনের নোংরা জল জমে থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীদের চলাচল যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি জিবি হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদেরও চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ব্যবসায়ীরাও জানাচ্ছেন, এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে।
৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর লতা নাথের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, সমস্যার বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এক পথচারীর কথায়,
“এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ, তবুও এমন অবস্থা! ড্রেনের গন্ধে দাঁড়ানোই যায় না। রোগীরা আরও বেশি কষ্ট পাচ্ছে।”
অন্য এক ব্যবসায়ী বলেন,
“দোকানে বসে থাকা দায় হয়ে পড়েছে। দুর্গন্ধে ক্রেতারা আসতেই চায় না।”
স্থানীয়দের দাবি, অবিলম্বে ড্রেন পরিষ্কার ও রাস্তার সংস্কার কাজ শুরু করতে হবে। নচেৎ ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগী হন।



