ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র ডুম্বুর জলাশয়-এ এক দুঃখজনক ঘটনায় নিখোঁজ হলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-এর এক ছাত্র।
নিখোঁজ ছাত্রের নাম অভিনব সিং (২০)। তার বাড়ি উত্তর প্রদেশে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার তিনি চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে ডুম্বুর জলাশয়ের নারিকেল কুঞ্জ এলাকায় বেড়াতে আসেন এবং সেখানেই রাত্রিযাপন করেন।
শনিবার সকালে জলাশয়ে স্নান করতে নেমে হঠাৎ করেই তলিয়ে যান অভিনব। ঘটনাটি ঘটতেই সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করে সাহায্য চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রইস্যাবাড়ি ও গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান।
অবশেষে দীর্ঘ ৫ ঘন্টা অভিযান চালানোর পর জলাশয় থেকে নিখোঁজ ছাত্রকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।



