আগরতলা, মঙ্গলবার: আবারও অবৈধভাবে গাঁজা পাচারের চেষ্টা নস্যাৎ করল পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে দুই যুবক ও এক মহিলাকে আটক করেছে জিআরপি ও আরপিএফের যৌথ বাহিনী। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকারও বেশি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, রেল স্টেশনে নিয়মিত তল্লাশি অভিযান চলাকালীন কর্তব্যরত পুলিশের নজরে আসে এক মহিলা ও দুই যুবকের সন্দেহজনক গতিবিধি। এরপরই তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তিনটি পৃথক ব্যাগ থেকে মোট ১৩,২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম সুজিত মজুমদার (এডিনগর), শ্যামল দাস (তেলিয়ামুড়া, সাউথ পুলিনপুর) এবং সীতা দেবী (বর্ধমান, পশ্চিমবঙ্গ)।
এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।



