বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৮ই ফেব্রুয়ারি…. খোয়াই এর সিঙ্গিছড়ার ঐতিহ্যবাহী ৭৭তম শিব চতুর্দশী মেলাকে কেন্দ্র করে বছরও বিতর্কের ঝড় উঠল। গত ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলা ও প্রদর্শনীতে রাজ্য ও বহিরাজ্যের বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। তবে এই মেলার ব্যবস্থাপনা নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে সামনে।
গত মঙ্গলবার মেলায় আগত এক দোকানদারের সঙ্গে স্থানীয় মেলা কমিটির বচসা সৃষ্টি হয়। অভিযোগ অসুস্থতার কারণে তিনি মেলার তৃতীয় দিন থেকে দোকান খুললেও তার কাছ থেকে পাঁচ দিনের সম্পূর্ণ লাইট ভাড়া দাবি করা হয়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।অন্যদিকে, মেলা প্রাঙ্গণে একাধিক দোকানে প্রকাশ্যে ‘হুক লাইন’ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগের এই অনিয়মিত পদ্ধতি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। এছাড়াও, বর্তমানে মাধ্যমিক ও অন্যান্য বিদ্যালয় পর্যায়ের পরীক্ষা চলমান থাকলেও মেলায় উচ্চস্বরে মাইক বাজানোর কারণে পরীক্ষার্থীদের ব্যাপক অসুবিধা হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিভাবক মহল থেকে।
মেলা সরকারি উদ্যোগে আয়োজিত হলেও পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের অভাবে ধীরে ধীরে এই মেলার ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে এইভাবে যদি মেলা আগামী দিনও চলতে থাকে এবং কিছু স্বার্থান্বেষী লোকরা যদি নিজেদের পকেট ভারি করতে থাকে এই মেলা কে সামনে রেখে তাহলে আগামী দিন এই মেলার ভবিষ্যৎ অন্ধকার বলে অভিমত প্রকাশ করেন এক শ্রেণির বুদ্ধিজীবী মহল।



