আজ থেকে রাজ্যজুড়ে শুরু হল Central Board of Secondary Education (সিবিএসই) পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) বোর্ড পরীক্ষা। সকাল থেকেই আগরতলা সহ বিভিন্ন জেলায় পরীক্ষাকেন্দ্রগুলিতে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয় কঠোর নিরাপত্তা ও নিয়ম মেনে।
এবার ত্রিপুরা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। পরীক্ষার প্রথম দিনে ছিল অংক বিষয়ের পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল ১০টার আগেই কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।প্রতিটি কেন্দ্রে সিসিটিভি নজরদারি, ইনভিজিলেটরদের কড়া তদারকি এবং বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও স্কুল আইডি সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে।অভিভাবকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও উদ্বেগ।
অনেকেই সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মহলের মতে, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা দপ্তরের বার্তা— শান্ত মনে প্রশ্নপত্র পড়ে সময় ভাগ করে উত্তর লিখতে হবে। আত্মবিশ্বাস ও পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।



