গোপেশ রায়, তেলিয়ামুড়া
স্বচ্ছ রান্নাঘর, সুস্থ পরিবার, এই বার্তাকে সামনে রেখে তেলিয়ামুড়া ইউনাইটেড গ্যাস এজেন্সিতে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার তৃতীয় পর্যায়ের গ্যাস সংযোগ বিতরণ অনুষ্ঠান। এক ঘরোয়া অথচ তাৎপর্যপূর্ণ পরিবেশে এই কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, মহকুমা শাসক-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিন মোট ১৭৪ জন উপভোক্তার মধ্যে ১১ জনকে প্রতীকীভাবে গ্যাস সংযোগ প্রদান করা হয়। কল্যাণী সাহা রায় তাঁর বক্তব্যে বলেন, উজ্জ্বলা যোজনার মূল লক্ষ্য শুধু রান্নার সুবিধা দেওয়া নয়, বরং ধোঁয়া-মুক্ত ও স্বাস্থ্যকর একটি পারিবারিক পরিবেশ তৈরি করা। কাঠ, কয়লা বা খড় জ্বালিয়ে রান্না করতে গিয়ে বিশেষ করে মহিলাদের যে শ্বাসকষ্ট, চোখের জ্বালা কিংবা দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি তৈরি হয়, এই গ্যাস সংযোগ তা অনেকটাই কমিয়ে দেবে।তিনি আরও জানান, পরিষ্কার জ্বালানির ব্যবহার নারীদের দৈনন্দিন কষ্ট লাঘবের পাশাপাশি পরিবারের শিশু ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রান্নাঘরের ধোঁয়া কমলে ঘরের বাতাস পরিষ্কার থাকবে, ফলে হাঁপানি ও শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি হ্রাস পাবে। তদুপরি, সময় সাশ্রয়ের ফলে মহিলারা নিজেদের উন্নয়ন ও পরিবারের অন্যান্য কাজে আরও বেশি সময় দিতে পারবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উজ্জ্বলা যোজনার তৃতীয় পর্যায়ের মাধ্যমে সরকার সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জীবনমান উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এই প্রকল্পের আওতায় প্রাপ্ত গ্যাস সংযোগে ভর্তুকির পরিমাণও সাধারণ সংযোগের তুলনায় বেশি, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে।
উপভোক্তাদের মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই জানান, দীর্ঘদিনের ধোঁয়া-ভরা রান্নাঘর থেকে মুক্তি পেয়ে তাঁদের জীবনযাত্রা এখন অনেকটাই সহজ ও নিরাপদ হবে। এক উপভোক্তা বলেন,
এই সরকার গরীবের জন্য কাজ করে। আমরা বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস কানেকশন পেয়ে গর্ববোধ করছি ।এই কর্মসূচি শুধু একটি গ্যাস সংযোগ নয়, বরং একটি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের প্রতিশ্রুতি।



