ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের কাজকর্ম নিয়ে প্রতিনিয়তই উঠছে নানা অভিযোগ। নিগমের পরিষেবার পাশাপাশি পরিকাঠামোগত সমস্যার কারণে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। অথচ সমস্যা সমাধানে কোন ধরনের তৎপরতা নেই নিগম কর্মকর্তাদের। যার ফলে নিগমের কাজকর্ম নিয়ে ক্রমশ যেন বাড়ছে ক্ষোভ। এমনিতেই রাজ্যে এখন বিদ্যুৎ পরিষেবা অনেকটা বিপর্যস্ত। তাই এর প্রতিবাদে প্রায় সময়ই রাস্তায় নামছেন ভোক্তারা। এরপরেও যেন হেলদোল নেই নিগমের। এই অবস্থার মধ্যেই শুক্রবার রাজধানী আগরতলা শকুন্তলা রোড মেট্রো বাজার সংলগ্ন এলাকায় নিগমের গাফিলতির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে এদিন রক্ষা পেল জনবহুল এই এলাকাটি। রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে করে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। অভিযোগ এর আগেও বেশ কয়েকবার সেখানে শর্ট- সার্কেট থেকে আগুন লাগে। বিষয়টি বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্মীদের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলেও স্থায়ী সমাধানের কোন উদ্যোগ নেই। বিদ্যুতের খুটিতে জড়িয়ে রয়েছে গাছের লতাপাতা। সেগুলি পরিষ্কার করার কোন তৎপরতা নেই। যার ফলে সেখানে প্রায় সময় ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। অবিলম্বে বৈদ্যুতিক খুঁটিগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা না হলে আগামীদিন যে কোন সময় আরো বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সম্ভাবনা রয়েছে। আর তখন এর জন্য দায়ী থাকবে বিদ্যুৎ নিগম। শকুন্তলা রোডের সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে এমনটাই অভিমত প্রত্যক্ষদর্শীদের।



