রাজ্যে রক্তদান এখন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। মাঝে কিছুদিন রক্তদান শিবির আয়োজনে ভাটা লক্ষ্য করা গেলেও, এখন যেন সেই ভাটা কাটিয়ে আগেকার ঐতিহ্য ফিরে এসেছে। ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সব অংশের মানুষকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানোর পর থেকেই আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন চলছে রক্তদান শিবিরের আয়োজন। বিভিন্ন ক্লাব, সংগঠনের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও নিজেদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আয়োজন করে চলেছে মানবতার শ্রেষ্ঠ অর্গ বলে পরিচিত স্বেচ্ছা রক্তদান শিবির। তা আরো একবার লক্ষ্য করা গেল সোমবার রাজধানী আগরতলার জিবি হাসপাতালে। এদিন রাজধানীর উর্মিলা হোম নার্সিং কেয়ারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এছাড়াও ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মীরা। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস তথা বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।



