রবিবার রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং রক্তদান শিবিরের আয়োজন করলো আগরতলার যুবসমাজ ক্লাব। সকালে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এলাকার কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিলর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন যুবসমাজ ক্লাব আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী ।তাদের অভিনন্দন জানান তিনি। পড়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,স্বাস্থ্য পরিষেবা রাজ্য সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র ।এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে স্বাস্থ্য দপ্তর ।মুখ্যমন্ত্রী আরও জানান প্রতি সপ্তাহে মুখ্যমন্ত্রী সমীপেষু নামক একটি অনুষ্ঠান তিনি করে চলছেন। এই অনুষ্ঠানে প্রায় নিরানব্বই শতাংশ জনগণই স্বাস্থ্য পরিষেবার সুযোগ পেতে আবেদন নিয়ে হাজির হন। তাই সংশ্লিষ্টদের কাছে পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের মত একটি প্রকল্প হাতে নেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা শুরু করেছে রাজ্য সরকার। তাছাড়া এদিন আগরতলা পৌর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যুব সমাজ জলাশয় এর সৌন্দর্যায়নের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন দূর্গা পূজার আগেই যুব সমাজ জলাশয়ের সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়।



