খয়েরপুর চতুর্দশ দেবতা বাড়িতে চলছে এখন খার্চি পূজা ও মেলা। রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের সম্প্রীতি ও সুভ্রাতৃত্ব ও ঐতিহ্যের এই মিলন তীর্থ উপলক্ষে হাভেলির কৃষ্ণমালা মঞ্চে এবারও আয়োজন করা হয় নানা কর্মসূচি। মেলা ও পূজা উদযাপন কমিটি আয়োজিত বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও ছিলেন উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভাপতি হরি দুলাল আচার্য সহ আরো অনেকে। কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করে এদিন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, খয়েরপুরের এই চতুর্দশ দেবতা বাড়ি মন্দির ও পূজার একটা ঐতিহ্য রয়েছে। ভারতীয় পরম্পরা সংস্কৃতি ও ঐতিহ্যের সামনে বার বার পরাস্ত হয়েছে কনিষ্ঠকারীদের অপপ্রয়াস। লক্ষ্যে অবিচলতা অনিবার্য সাফল্যের পথকে মসৃণ করে। যার জ্বলন্ত দৃষ্টান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি। ভারতকে আজ বিশ্বের কাছে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছেন মোদিজি।



