গত প্রায় দুই মাস ধরে পার্শ্ববর্তী রাজ্য মনিপুরে হিংসাত্মক সাম্প্রদায়িক আগুনে জ্বলছে। ইতিমধ্যেই হিংসাত্মক ঘটনায় বহু লোকের প্রানাহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। যা এখনো অব্যাহত রয়েছে। মনিপুরে সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনায় মানুষ আতঙ্কে থাকলেও কেন্দ্রীয় সরকার অনেকটা নীরব দর্শকের ভূমিকা অবতীর্ণ। তাদের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানায় এসইউসিআই কমিউনিস্ট। তাদের অভিযোগ কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের পরোক্ষ মদতেই চলছে এই হিংসাত্মক ঘটনা। তাই কেন্দ্র ও মনিপুর সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে মনিপুরের সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষার জন্য সাম্প্রদায়িক জলন্ত পরিস্থিতিকে শক্ত হাতে সরকারকে নিয়ন্ত্রণ করার দাবি জানায় দল। একই সাথে এসইউসিআই মণিপুরের শান্তিপ্রিয় সকল অংশের জনগণের প্রতি আহবান রাখে নিজেদের ঐক্যকে আরো সংহত করে বিচ্ছিন্নতাবাদী জাতীয়তাবাদী চরম সাম্প্রদায়িক শক্তি গুলিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে জ্বলন্ত দাবি গুলির ভিত্তিতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার। আর এই আহ্বান ও দাবীকে সামনে রেখে দলের সর্বভারতীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় মণিপুরের এই ভয়াবহ রক্তপাতের পেছনে সরকারের ষড়যন্ত্রমূলক ভূমিকার বিরুদ্ধে ৩০শে জুন দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার। সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার আগরতলাতেও দলের রাজ্য সাংগঠনিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। রাজধানীর বটতলায় আয়োজিত প্রতিবাদ সভায় অবিলম্বে মণিপুরে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কেন্দ্র ও মনিপুর সরকারের নিকট দাবি জানিয়ে বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক।



