সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয়া দুর্গা উৎসব। যদিও এই উৎসব যেন এখন আর শুধু হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই। অন্যতম এই উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষই সামিল হয়ে থাকেন। তাই শারদীয় উৎসবে মিলনমেলায় পরিণত হয় সর্বত্র। এই উৎসবের প্রতীক্ষায় যেন প্রত্যেকেই থাকেন সারা বছর। আসন্ন শারদীয় দুর্গোৎসব আরো প্রায় বেশ কয়েক মাস বাকি। কিন্তু উৎসবের দিনক্ষণ অনেকটা বাকি থাকলেও ইতিমধ্যেই বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি যেন শুরু হয়ে গেছে। বুধবার উল্টো রথের দিন এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার কলেজটিলা স্থিত শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল ক্লাব প্রাঙ্গনে। এবছর দর্শনার্থীদের আকর্ষণ করে তুলতে ক্লাব কর্তৃপক্ষ বৃন্দাবনের প্রেম মন্দিরের অনুকরণে নির্মাণ করতে চলেছে সুদৃশ্য বিশাল প্যান্ডেল। যার প্রাথমিক ব্যয় করা হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। নানা কারণে যারা বৃন্দাবনে গিয়ে প্রেম মন্দির দেখার সুযোগ করতে পারেনি তাদেরকে সেই মন্দির দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই এবছর ক্লাব কর্তৃপক্ষ প্রেম মন্দিরের অনুকরণে প্যান্ডেল নির্মাণ করতে চলেছে। উল্টো রথের দিন ধর্মীয় রীতি রীতি মেনে খুটি পূজার মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্যান্ডেল নির্মাণের কাজ। এদিনের এই খুঁটি পূজায় উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত জোগালেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। প্রতিবছরই শারদীয়া উৎসবে মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল নিত্যনতুন থিমের প্যান্ডেল নির্মাণ করে দর্শকদের মন জয় করে থাকে। তবে এবারের প্যান্ডেল আরো বেশি দর্শকদের আকর্ষণীয় করে তুলবে বলে প্রত্যাশা উদ্যোক্তাদের। একই প্রত্যাশা এদিন করলেন সমাজসেবী রাজিব ভট্টাচার্য্যও।



