গোটা বিশ্বের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার উদযাপিত আন্তর্জাতিক নেশা বিরোধী দিবস। বর্তমান সময় রাজ্যে এই দিবসটি পালনের গুরুত্ব রয়েছে অনেক। কারণ যেভাবে গোটা রাজ্য জুড়ে নেশায় আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের মুখে তাতে করে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা। এই অবস্থায় রাজ্য সরকারের নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গঠনের স্লোগানকে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন আরো বেশি করে সচেতনতামূলক কর্মসূচি। তবে সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে এই নেশার বিরুদ্ধে জনমত গঠন করার লক্ষ্যে আন্তর্জাতিক নেশা বিরোধী দিবসে আয়োজন করা হয় গুচ্ছ কর্মসূচি। পদযাত্রা, নেশার বিরুদ্ধে জনমত গঠন করতে সচেতনতামূলক নাটক, প্রচারকারী সহ আরো গুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে এদিন দিবসটি উদযাপন করল স্পন্দন সামাজিক সংস্থা। রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে এদিন বিকেলে আয়োজিত পদযাত্রা ও প্রচার গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অলক রায় সহ প্রশাসনিক আধিকারিকরা ও আয়োজক সংস্থার কর্মকর্তারা। পদযাত্রা ও প্রচার গাড়ি উদ্বোধনের আগে নেশা যেভাবে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায় তার উপর ভিত্তি করে একটি নাটক উপস্থাপিত হয় সেখানে। পরে স্কুল ছাত্র ছাত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী টিংকু রায় বলেন, নেশার বিরুদ্ধে গন আন্দোলনের রূপ না দিলে এর থেকে মুক্তি হওয়া সম্ভব নয়। এর চেয়েও বড় ব্যাপার হলো একদিনের কার্যক্রম করেই দিবসটি পালন করলে চলবে না। সফল বাস্তবায়নের জন্য প্রচার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।



