রাজ্যের ক্রীড়া জগতে অন্যতম বিতর্কিত ব্যক্তি হলেন রূপক দেবরায়। যিনি ত্রিপুরা রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের সম্পাদক। গুরুত্বপূর্ণ এই পদে আসীন হবার সুবাদে তিনি নিজের ক্ষমতা জাহির করতে থাকায় বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। অভিযোগ বিভিন্ন ইভেন্টে জাতীয় আসরে রাজ্যের নাম করে বহির রাজ্যের খেলোয়াড়দের মোটা অংকের অর্থের বিনিময়ে সুযোগ করে দিচ্ছেন তিনি। আর এতে করে বঞ্চিত হচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা। ইতিমধ্যেই এর যথেষ্ট প্রমাণ তুলে ধরেছেন বঞ্চিত খেলোয়াড় সহ বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। দিনের পর দিন শ্রীদেবরায়ের এই কর্মকান্ডে জাতীয় আসরে বদনাম হচ্ছে রাজ্যের। তাই এর বিরুদ্ধে প্রতিনিয়ত গর্জে উঠছেন বঞ্চিত খেলোয়াড়রা। শুধু তারাই নয়, বিভিন্ন ক্রীড়া সংগঠকরাও ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বিষয়টি নিয়ে। যদিও শ্রী দেবরায়ের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখন আদালতে বিচারাধীন। এই অবস্থার মধ্যেই ফের আরো একবার রাজ্যের বঞ্চিত খেলোয়াররা তার বিরুদ্ধে সরব হলেন। রবিবার আগরতলা ধলেশ্বর স্থিত শ্রী দেব রায়ের নিজস্ব বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বঞ্চিত খেলোয়াড়রা। তাদের দাবি রাজ্যের খেলোয়ারদের স্বার্থে অবিলম্বে ত্রিপুরা রাজ্য অলিম্পিকে এসোসিয়েশনের সম্পাদকের পর থেকে পদত্যাগ করতে হবে রূপক দেবরায়কে। একমাত্র এই দাবি নিয়ে এদিন তার বাড়ির সামনে বিক্ষোভে শামিল হলেন খেলোয়াররা। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পূর্ব থানার পুলিশ। পরে পুলিশ আন্দোলনকারী খেলোয়ারদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন খেলোয়াররা। তবে এদিন তারা জানান প্রশাসন অবিলম্বে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সঠিক তদন্তক্রমে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গোটা রাজ্য জুড়ে।



