নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এবার সামাজিক দায়িত্ব হিসেবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো বিদ্যুৎ নিগমের অন্তর্ভুক্ত বিদ্যুৎ কর্মীরা। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার দুর্গা চৌমুনী বিপুনি বিতানে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বিদ্যুৎ কর্মীদের নিয়ে সংগঠন আয়োজন করে সেফটি ওয়ার্কশপ অফ ইলেক্ট্রিসিটির উপর এক আলোচনা চক্র। এদিনের এই রক্তদান শিবির ও আলোচনা চক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী শ্রীনাথ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, সমাজসেবী পাপিয়া দত্ত, ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এমডি দেবাশীষ সরকার, বি এম এস ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক তপন কুমার দেব সহ আরো অনেকে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে এদিন মন্ত্রীর শ্রীনাথ রক্তদানের গুরুত্ব আরোপ করে বলেন সমস্ত দানের শীর্ষে হল রক্তদান। রক্তদানের কোন বিকল্প নেই। তাই এ ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে রাজ্য বিদ্যুৎ নিগমের কাজকর্ম প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে উন্নত করার জন্য নতুন নতুন চিন্তা ভাবনা করছে দপ্তর। আগরতলা শহরে আন্ডারগ্রাউন্ডে বিদ্যুৎ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সবাইকে সাথে নিয়েই আগামী দিন বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করা হবে।



