তেলিয়ামুড়া প্রতিনিধি :-
রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে অত্যন্ত দ্রুততার সাথে প্রশাসনিক কাজ যে সম্পন্ন হচ্ছে তার দৃষ্টান্ত আজ আরও একবার স্থাপিত হল তেলিয়ামুড়াতে। গতকাল তেলিয়ামুড়া থানাধিন মানিক বাজার এলাকার দু দুটি নিষ্পাপ শিশুর জ্বলে ডুবে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক সাহায্য নিয়ে দরজায় প্রশাসন। উল্লেখ্য গতকাল দুর্ভাগ্যজনকভাবে এলিসা রুপিনী এবং এমি দেববর্মার জলে ডুবে মৃত্যু হয়। আজ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নেতৃত্বে এক উচ্চপর্যয়ের প্রশাসনিক দল নিহত শিশুদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি দেখা করে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং সাথে সাথে বিপর্যয় মোকাবেলা ফান্ড থেকে দুটো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতেই ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেন, পাশাপাশি দাবি করেন আজকের এই আর্থিক সাহায্য ছাড়াও আগামী দিনে সরকার যথাযথভাবে পরিবার দুটোর পাশে থাকবে। আজকের এই প্রশাসনিক দলে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের DCM অমিত রায় চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকেরা ছিলেন।
এদিকে দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা সংঘটিত হওয়ার 48 ঘণ্টার মধ্যেই প্রশাসনিক সাহায্য দরজায় পৌঁছে যাওয়ায় গোটা এলাকা জুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।



