বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন ফলাফলের জন্য অপেক্ষা করছে শাসক বিরোধী উভয় শিবির। এরই মধ্যে শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার মাইগঙ্গা পুকুইবাড়ি এলাকায় বিজেপি দলের একটি বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। পার্টি অফিসে আচমকাই আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে এলাকাবাসী সহ বিজেপি দলের কর্মী সমর্থকেরা ছুটে গিয়ে প্রত্যক্ষ করতে পারে বুথ অফিসে দুষ্কৃতিকারীরা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অগ্নি সংযোগ করে দিয়েছে। আগুন প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং মুহুর্তেই বিজেপি দলের কার্যকর্তারা ছুটে আসে বিজেপির ওই বুথ অফিসের সামনে। পরবর্তীতে এলাকাবাসী ও বিজেপি দলের কার্যকর্তাদে’র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেই সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী নেতৃত্বে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে এবং বিজেপি দলের বুথ অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নামে।
যদিও বিজেপি কর্মীদের অভিযোগ এই অগ্নিকাণ্ডের পেছনে সি.পি.আই(এম) আশ্রিত দুষ্কৃতিকারীদের হাত থাকতে পারে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে প্রকৃত রহস্য কি সম্পূর্ণ কিছু বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে।।



