ত্রিপুরা রাজ্যের কাঞ্চনমালা এলাকার এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত যুবকের নাম রমজান মিয়া (২০)। তিনি অবিবাহিত ছিলেন। তার বাবার নাম সোনা মিয়া।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে জীবিকার তাগিদে রমজান মিয়া দক্ষিণ ভারতের চেন্নাই শহরে কাজে যোগ দেন। সেখানে কাজ করার পর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বুধবার ভোরে ওড়িশা রাজ্যে রেললাইনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার সকালে রমজান মিয়ার মৃত্যুর খবর তার নিজ বাড়িতে পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের মাতম। বাবা সোনা মিয়া সহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় এলাকাবাসীরাও বাড়িতে এসে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।
সোনা মিয়া জানান, তার পাঁচ ছেলে সন্তানের মধ্যে রমজানই ছিল সবচেয়ে ছোট। তিনি একজন দিনমজুর। পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে নিতে বাবার সঙ্গে কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে গিয়েছিল রমজান। কিন্তু বাড়ি ফেরার পথেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ছেলের আকস্মিক মৃত্যুর খবরে হতভম্ব হয়ে পড়েছেন সোনা মিয়া। তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত তার ছেলের মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



