আজ হনুমান জয়ন্তী উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্যেও ভক্তিভরে পালিত হচ্ছে অঞ্জনী-পুত্র হনুমানের জন্মোৎসব। চৈত্র মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবছরও বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানী আগরতলা-র বিভিন্ন মন্দিরের পাশাপাশি লক্ষ্মীনারায়ণ বাড়ির হনুমান মন্দিরেও সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোর হতেই ভক্তরা পুণ্যলাভের আশায় মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন। পুজো দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তদের অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই ফুল, ফল ও প্রসাদ নিয়ে এসে ভগবান হনুমানের আরাধনা করেন এবং নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করেন।
মন্দির প্রাঙ্গনে ভক্তিমূলক পরিবেশ সৃষ্টি হয়, যেখানে শোনা যায় হনুমান চালীসা পাঠ ও ভজন-কীর্তন। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সব মিলিয়ে, ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজকের দিনটি ভক্তদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করছে।



