বকেয়া স্কলার্শিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের গোর্খা বস্তি অফিস ঘেরাও করে জনজাতি ছাত্র-ছাত্রীদের ধর্ণা। অতি দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র-ছাত্রীদের।
দীর্ঘদিন ধরে বকেয়া স্কলারশিপের দাবিতে আজ জনজাতি কল্যাণ দপ্তরের গোর্খাবস্তি অফিস ঘেরাও করে ধর্নায় বসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে থেকেই দপ্তরের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। অভিযোগ, বহুদিন ধরে স্কলারশিপের টাকা না পাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের। পড়াশোনার খরচ চালানো থেকে শুরু করে হোস্টেল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। একাধিকবার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলেই অভিযোগ।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা আজ দপ্তর ঘেরাও করে ধর্নায় বসে তাদের ন্যায্য দাবির দ্রুত নিষ্পত্তির দাবি জানান। তাদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
এদিনের এই বিক্ষোভ ঘিরে গোর্খাবস্তি এলাকায় কিছুটা উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।



