শনিবার ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের জাতীয় সম্পাদক বিনোদ সোনকর, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যসহ দলের মন্ত্রী বিধায়ক এবং কমিটির সদস্য সদস্যারা।
এদিন বৈঠক শেষে আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপরা মথার সঙ্গে জোট নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নোত্তরে মুখ্যমন্ত্রী জানান বিজেপি কখনওই জোটের ‘ধর্ম’ বা নীতিকে ভঙ্গ করবে না এবং জোটের মর্যাদা রক্ষা করেই এগোবে।
তাছাড়া আসন্ন টিটিএএডিসি নির্বাচনে বিজেপি ও মথা কতটি আসনে লড়বে, সে বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, দিল্লিতে আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁরাই ঠিক করবেন, কীভাবে এবং কোন ফর্মুলায় নির্বাচন লড়াই হবে।
এদিন তিনি বলেন, শিবিরে বিশেষভাবে আলোচনা করা হয় এসআইআর প্রসঙ্গে যা খুব শীঘ্রই ত্রিপুরায় শুরু হতে চলেছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যাদের অভিভাবকদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাদের কোনও চিন্তার কারণ নেই। শুধুমাত্র একটি ফর্ম পূরণ করলেই হবে। তিনি আরও বলেন,নির্বাচন কমিশনের এই উদ্যোগ মূলত ভোটার তালিকা পরিশুদ্ধ করার জন্য। আমাদের রাজ্য তিনদিক থেকে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত, তাই এই প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান।



