ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। মাধ্যমিক এবং মাদ্রাসা আলিমের আজ ছিলো ইংরেজি বিষয়ের পরীক্ষা। রাজ্যের মোট ৬৯টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবকটি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিলো। মাধ্যমিক ও মাদ্রাসা আলিমের ইংরেজি পরীক্ষায় ৩১,৫৫৭ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিলো। সারা রাজ্যে পরীক্ষায় বসেছে ৩১,৩৮৩ জন। অনুপস্থিতির সংখ্যা ১৭৪ জন। ছাত্রছাত্রীদের উপস্থিতির শতকরা হার ৯৯.৪৫ শতাংশ। আগামীকাল উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় বাংলা / হিন্দি / ককবরক /মিজো / মাদ্রাসা ফাজিল আর্টসে বাংলা এবং মাদ্রাসা ফাজিল থিওলজিতে বাংলা ভাষায় পরীক্ষা হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।



