চাকমাঘাট কমিউনিটি হলে আজ থেকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী তাঁত ও রেশম চাষের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শিবির। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্টস ও সেরিকালচার দপ্তর-এর উদ্যোগে ‘সিল্ক সমগ্র-২ (২০২৫-২৬)’ প্রকল্পের অধীনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থানীয় তাঁতি ও রেশম চাষিদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করে তোলা এবং তাঁদের আয়ের নতুন দিগন্ত উন্মোচন করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। মোট ৯২ জন অংশগ্রহণকারী এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন। আগামী ছয় দিন ধরে তাঁত বয়ন, সুতা প্রক্রিয়াকরণ, উন্নত পদ্ধতিতে রেশম চাষ এবং উৎপাদিত সামগ্রীর বিপণন সংক্রান্ত বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, রাজ্য সরকার ঐতিহ্যবাহী তাঁত শিল্প ও রেশম চাষকে আরও শক্তিশালী করার পাশাপাশি আয়ের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। যারা এখনও দারিদ্রসীমার মধ্যে বসবাস করছেন তাঁদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে তাঁত শিল্প ও রেশম চাষের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং স্থানীয় স্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন। এই উদ্যোগ তাঁদের জীবিকায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে অংশগ্রহণকারীগণ আশা প্রকাশ করেন।



