রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করার প্রয়াস নিয়েছে। তবে এজন্য চাই সততা, নিষ্ঠা ও কঠোর শ্রম। তবেই সফলতা আসবে। রাজ্য সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ তথ্য প্রযুক্তি দপ্তরের স্মার্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত রাজ্য ও আঞ্চলিক স্তরের স্কিল ইন্ডিয়া কমপিটিশনে (২০২৫-২৬) বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে তিনি দক্ষতা অর্জনের জন্য ‘সফট স্কিলস এন্ড ইন্টারভিউ প্রিপেয়ার্ডনেস এবং অ্যাডভান্স জি ডি এ কোর্সেস ফর নার্সিং প্রফেশন্যালস’ এই দু’টি কোর্সের সূচনা করেন। এছাড়া তিনি সম্প্রতি আসাম রাজ্যে অনুষ্ঠিত রিজিওন্যাল ইন্ডিয়া স্কিলস কমপিটিশনে রাজ্যের ২ জন স্বর্ণ পদক, ২ জন রৌপ্য পদক, ১ জন ব্রোঞ্চ পদক এবং ১ জন মেডালিয়ন অফ অ্যাক্সিলেন্স পদক বিজয়ীকে পুরস্কৃত করেন। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে তিনি বিজয়ীদের হাতে যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, প্রত্যেক যুবক ও যুবতীর মধ্যে ভাল গুণাবলী রয়েছে। একে সততার সাথে বিকশিত করলে তারা যেমন স্বাবলম্বী হতে পারবে তেমনি দেশ ও রাজ্য এগিয়ে যাবে। তিনি প্রশিক্ষকদেরও সদর্থক ভূমিকা নেবার আহ্বান জানান। তিনি বলেন, স্কিল মানে জ্ঞান ও দক্ষতা অর্জন। এটা প্রতিযোগিতায় বিজয়ী হবার সাহস যোগায়। যে দু’টি কোর্স চালু করা হয়েছে তা প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিখতে হবে। তবেই আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারবো। তিনি পদকজয়ীদের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে জিডিএ কোর্সে ১০০ জন প্রশিক্ষণার্থীকে ৮ মাস ব্যাপী নার্সিং-এর প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রত্যেককে প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। সফট স্কিল এন্ড ইন্টারভিউ প্রিপেয়ার্ডনেস কোর্সে (এস এস আই পি) বিভিন্ন ডিগ্রী কলেজে পড়ুয়া ২০০ জন ছাত্র ছাত্রীকে দক্ষতা অর্জন সহ চাকরি ক্ষেত্রে ইন্টারভিউতে বসার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। স্কিল ইন্ডিয়া কম্পিটিশনে ত্রিপুরা থেকে ১৬টি ট্রেডে ২৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তিনি রাজ্য স্তরের বিভিন্ন ট্রেডে বিজয়ী মোট ৪১ জনের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেন। এছাড়া তিনি টিম লিডারদেরও পুরস্কৃত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে। দক্ষতা উন্নয়ন দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। ধন্যবাদ জ্ঞাপন করেন দক্ষতা উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা সতীর্থা পাল।



