২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, নারীবিরোধী ও কর্পোরেটমুখী এমনটাই অভিযোগ তুলে বৃহস্পতিবার শহরের রাজপথে বিক্ষোভে সামিল হয়েছে ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে এক বিক্ষোভ সভায় মিলিত হয়। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে প্রশ্ন তোলেন কেন কেন্দ্রীয় বাজেটে মনরেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হলো না। বিক্ষোভ সভায় এক নারী নেত্রী অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষ, শ্রমিক ও নারীদের স্বার্থকে উপেক্ষা করে কর্পোরেট গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করেছে। তাঁর দাবি, মনরেগার মতো গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় গ্রামীণ দরিদ্র ও শ্রমজীবী মানুষ চরম সংকটের মুখে পড়বেন। তাই অতিসত্বর বাজেট প্রত্যাহার ও শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।



