বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা ক্রমেই সুদৃঢ় হচ্ছে। আজ সকালে মোহনপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে ১৬তম জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু একথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর ভারতবর্ষে যখন সংবিধান গৃহীত হয় তখন থেকেই ভারতের নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগের মহান দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ব্যবস্থাকে শক্তিশালী রাখার জন্যে সমস্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মত মহান দায়িত্ব পালন করা উচিত। ১৮ বছর সম্পূর্ণ হওয়ার পর যারা ভোটার হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তাদের সবাইকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে রাজ্যপাল নবাগত ভোটারদের হাতে ভোটারের সচিত্র পরিচয়পত্র তুলে দেন। একই সঙ্গে তিনি উল্লেখযোগ্য কাজের জন্যে মোহনপুর মহকুমার বিএলওদের সংবর্ধনা দেন। ভোটার দিবসের ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরও তিনি পুরস্কৃত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক ধৃতিশেখর রায়। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জওহর নবোদয় বিদ্যালয় মোহনপুরের অধ্যক্ষ শংকর কাটারিয়া। অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সকাল দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে এই স্থানেই রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩০তম মন কি বাত অনুষ্ঠান শোনেন।



