ভারতের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চলছে জোরদার তৎপরতা। ধনপুর ও বক্সনগর কেন্দ্রে বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে যথাক্রমে কৌশিক চন্দ ও প্রয়াত বিধায়ক শামসুল হকের পুত্র মিজান হোসেন। ইতিমধ্যে বাম প্রার্থীরা দাখিল করে ফেলেছেন তাদের মনোনয়নপত্র। খানিকটা দেরিতে হলেও রাজ্যের শাসকদল বিজেপির হাইকমান্ড ঘোষণা করল তাদের প্রার্থীদের নামের তালিকা। ঘোষণা অনুযায়ী বক্সনগর বিধানসভা কেন্দ্রে এবারোপ্রতিদ্বন্দ্বিত করতে চলেছেন তাফাজ্জল হোসেন। অপরদিকে ধনপুর কেন্দ্রে নতুন মুখ হিসেবে লড়বেন বিজেপি ধনপুর মন্ডলের সভাপতি বিন্দু দেবনাথ। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিজেপি প্রার্থীরা বিশাল মিছিল করে দাখিল করবেন এবং তাদের মনোনয়ন পত্র। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি। আসন্ন এই উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম নতুন করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে জনগণের স্বার্থে কাজ করে চলেছে তাতে করে উন্নয়নের ভিত্তিতেই মানুষ দুই কেন্দ্রের উপর নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করবেন। এদিন তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন এই রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কমিউনিস্টরা। আর আজ তারা বিরোধীদের তকমা পর্যন্ত হারিয়েছে। অপরদিকে কংগ্রেসের কয়েকজন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কমিউনিস্টদের সাথে আঁতাত করেছে। তবে তাদের এই জোট গোট যাই হোক না কেন, মানুষ উন্নয়নের ভিত্তিতেই বিজেপি প্রার্থীদের জয়ী করবে।



