প্রশাসনের আহবানে সাড়া দিয়ে এবার স্বাধীনতা দিবসের দিনে অভিনব উদ্যোগ গ্রহণ করল রাজধানী আগরতলা মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। সম্প্রীতি প্রশাসনের এক প্রতিনিধি দল এই মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালায়। সেদিন প্রচুর পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। শুধু তাই নয় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য বাজারের সবজি ব্যবসায়ী সমিতিকে এগিয়ে আসার জন্য আধিকারিকরা সেদিন আহ্বান জানান। তাই প্রশাসনিক আধিকারিকদের আহ্বানে সাড়া দিয়ে স্বাধীনতা দিবসের দিন প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামে সবজি ব্যবসায়ী সমিতি। সমিতির সদস্যরা মঙ্গলবার সকালে বাজারের বিভিন্ন দোকানে দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ সিঙ্গেল হিউজ প্লাস্টিক সংগ্রহ করে তা আগুনে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের দিনে মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী সমিতির সদস্যরা শপথ নিলেন এখন থেকে আর কোন ক্রেতাকে দেওয়া হবে না সিঙ্গেল ইউজ প্লাস্টিক। স্বাধীনতা দিবসের দিন সবজি ব্যবসায়ী সমিতির এই কর্মকান্ড ও উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নেমে এদিন ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান রাজ্যের অন্যান্য বাজারের ব্যবসায়ী সমিতি গুলিও যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার।



