দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে এখন নানা কর্মকাণ্ড। সরকারিভাবে ছাড়াও বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব ও সংগঠন সমাজসেবামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে এবছর উদযাপন করতে চলেছে দেশের স্বাধীনতা দিবস। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা অরুন্ধতীনগরস্থিত অরবিন্দ সংঘ প্রাঙ্গনে। অরবিন্দ সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবসে ঋষি অরবিন্দের জন্ম শতবর্ষ এবং ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির এবং দুদিন ব্যাপী পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সোমবার সকালে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিদায়িকা মিনারানী সরকার, কর্পুরেটর অলক রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ ক্লাব কর্মকর্তারা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন একটা ক্লাবের উপর এলাকার অনেক কিছু নির্ভর করে। মানুষ ক্লাবের উপর অনেক কিছু আশা করে। নিরপেক্ষ ভূমিকা নিয়ে যদি ক্লাব মানুষের সাথে কাজ করতে পারে তাহলে সেই ক্লাবের উপর মানুষের আস্থা অনেকটা বাড়বে। যেমনটা একটা সরকারের মত। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হবার পর সেই সরকার সবার হয়। ঠিক তেমনি একটি ক্লাব সবার জন্য কাজ করতে পারলে সেই ক্লাবের প্রতি আস্থা বাড়বে।



