দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কাজ খাদ্য শিক্ষা স্বাস্থ্য ও বাসস্থান সহ বিভিন্ন দাবী দেওয়া নিয়ে রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন এস এফ আই ও টি এস ইউ। সোমবার বিকেলে এই দুটি সংগঠনের উদ্যোগে আগরতলা শহরের রাজপথে অনুষ্ঠিত হলো আজাদী রেলী। রাজধানীর মেলার মাঠ থেকে এই আজাদী রেলী বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। কর্মসূচি প্রসঙ্গে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, দেশের মধ্যে বর্তমান সময়ে ধর্ম, জাত ও বর্ণের নামে দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা চলছে। চেষ্টা চলছে দেশকে ভাগ করার। দেশের গণতান্ত্রিক মানুষ আজকেও স্বপ্ন দেখে ক্ষুদিরাম ভগৎ সিং দের স্বপ্নের ভারত গড়ে তোলার। এসএফআই টিএস ইউ চায় ঐক্যের ভারত, ধর্মনিরপেক্ষ ভারত। স্বাধীনতার এতগুলি বছর বাদেও এখনো দেশের সব মানুষের শিক্ষা খাদ্য স্বাস্থ্য বাসস্থানের ব্যবস্থা হয়নি। কাজেই ভারতবর্ষকে অগ্রগতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো বহু পথ হাঁটতে হবে।



