জীবন যুদ্ধের লড়াইয়ে অবশেষে হেরে গেলেন রাজ্যের চা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা এবং রাজ্যের গর্বের দুর্গাবাড়ি চা শ্রমিক সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সুধাময় ওরফে পানু মজুমদার। দীর্ঘ প্রায় বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি। আগরতলা জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে বারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পানু মজুমদার। প্রয়াত পানু মজুমদার শুধু চা শ্রমিকদের রুটি-রুজি সংগ্রামের শরিক ছিলেন না, তিনি শ্রমিকদের মন মনন সংস্কৃতিক বিকাশে একজন প্রথম সারির সৈনিক ছিলেন। বাগান গুলিতে বিশেষ করে দুর্গা বাড়ি চা বাগানে শ্রমিকদের ছেলেমেয়েদের সাংস্কৃতিক বিকাশে গানের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে শেখানো হতো রবীন্দ্র সংগীত থেকে শুরু করে ঝুমুর নাচ ঝুমুর গান। তাই পানু মজুমদারের মৃত্যুতে চা শ্রমিকরা হারালেন একজন সংস্কৃতি মনস্ক মানুষকে। চিকিৎসাধীন অবস্থায় পানু মজুমদারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই চা শ্রমিক সহ তার অনুগামীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সোমবার সকালে দুর্গাবাড়ির চা বাগান এলাকায় প্রয়াতের মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে চা বাগানের শ্রমিকরা শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত থেকে রাজ্যের চা উৎপাদন উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব প্রয়াত পানু মজুমদারকে শেষ শ্রদ্ধা জানালেন এলাকার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সি আই টি ইউ নেতৃত্ব কানু ঘোষ সহ আরো অনেকে।



