১২ ই আগস্ট দিনটিতে সূচনা হয়েছিল সংঘটিত ছাত্র আন্দোলন। তাই প্রতিবছর এই দিনটিকে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করে আসছে ভারতের ছাত্র ফেডারেশন। এবারও তার ব্যতিক্রম নয়। শনিবার সকালে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে সংগঠনের রাজ্য কমিটি আয়োজিত প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানে এসএফআইয়ের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী। টি এস ইউর পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। পরে উপস্থিত দুই সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, ভারতের ছাত্র ফেডারেশন দেশের প্রথম ছাত্র সংগঠন নয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার অনেক বছর আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দ বসুদের নেতৃত্বে নিখিল বঙ্গ ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। এছাড়াও আরও বেশ কয়েকটি ছাত্র সংগঠন গড়ে উঠেছিল। পরবর্তী সময়ে সাম্রাজ্যবাদ ফ্যাসীবাদ বিরোধিতা করে ব্রিটিশদের তাড়ানোর জন্য ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান নিয়ে একটা সর্বভারতীয় ছাত্র সংগঠনের মঞ্চ হিসাবে সারা ভারত ছাত্র ফেডারেশনের আত্মপ্রকাশ। আর সেই লড়াই আজকের দিনেও অব্যাহত রয়েছে। আজকের দিনে দেশের মধ্যে শিক্ষার উপর যে আক্রমণ, ছাত্র সমাজের উপর যে আক্রমণ, সার্বিকভাবে যুবকদের উপর যে আক্রমণ, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র ফেডারেশন মনে করে আজকের দিনে লড়াই সংগ্রামকে আরো বেশি তেজী করে তোলা দরকার।



