ভারতের স্বাধীনতা সংগ্রামের অপসহীন ধারার বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস ১১ই আগস্ট। প্রতি বছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করে থাকে বিভিন্ন সংগঠন। এবছর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্ম বলিদান দিবস। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে শুক্রবার। এদিন সকালে সংগঠনের কর্মীরা আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের মূল ফটকে ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে সমবেত হয়ে একটি সুসজ্জিত মিছিল মর্মস্পর্শী গান একবার বিদায় দে মা ঘুরে আসি, গেয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ফিরে আসে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কমিটির কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সম্পাদক হরকিশোর ভৌমিক ও অধ্যাপক ডক্টর অলক সৎপথী ক্ষুদিরামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন বর্তমান শাসকরা স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের জীবন সংগ্রাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। বর্তমান প্রজন্মের ছাত্র যুবকদের ক্ষুদিরামসহ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবীদের জীবন ও সংগ্রামচর্চা করার জন্য আহ্বান জানান।



