১৫ ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। প্রতিবছরের মত এবারও যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসী উদযাপন করবে স্বাধীনতা দিবস। তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। আজাদীকা অমৃত মহোৎসবে এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরঘর তিরঙ্গা কর্মসূচির আহ্বান করে। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের যে আহ্বান রেখেছিলেন মোদীজি, তা গেল বছর দুর্দান্ত সাফল্যে পরিণত হয়েছিল। এবছরও প্রধানমন্ত্রী আহবান রেখেছেন হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৩ থেকে ১৫ ই আগস্ট প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের। মোদিজীর সেই আহ্বানকে সাফল্যমন্ডিত করতে এবার এগিয়ে এলো আগরতলা পৌরনিগম। পৌর নিগমের উদ্যোগে রাজধানীর সিটি সেন্টারের সামনে খোলা হল জাতীয় পতাকা বিক্রির বিশেষ কাউন্টার। সেখান থেকে সরকারি মূল্যে সাধারণ মানুষ ক্রয় করতে পারবেন জাতীয় পতাকা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা বিক্রির কাউন্টারের উদ্বোধন করলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, প্রদীপ চন্দ, রত্না দত্ত সহ নিগমের আধিকারিকরা।



