স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাফাই কর্মীদের ইপিএফে আর্থিক ঘোটালার প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য শাখা। মঙ্গলবার সংগঠনের উদ্যোগে ইপিএফ এর আঞ্চলিক কার্যালয়ের কমিশনারের নিকট প্রদান করা হলো গনডেপুটেশন। সংগঠনের বক্তব্য, বিগত পাঁচ বছর ধরে এইচআরডি নামক একটি আউটসোর্সিং সংস্থার তত্ত্বাবধানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রায় আড়াইশো জনেরও অধিক কর্মী সাফাই কর্মী হিসেবে নিযুক্ত। নিয়ম মেনে প্রতিমাসেই এই সাফাই কর্মীদের বেতন থেকে কাটা হয় ইপিএফ। যথারীতি ভাবে বেতন থেকে অর্থ কাটা হলেও সংশ্লিষ্ট ক্ষেত্রে তার জমা পড়ছে না বলে অভিযোগ। এতে করে স্বাভাবিকভাবেই আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন আউটসোর্সিং এর মাধ্যমে নিযুক্ত ব্যাংকে কর্মরত সাফাই কর্মীরা। বিষয়টি দেরিতে হলেও উপলব্ধি করতে পেরে এবার সোচ্চার হলো ভারতীয় সাফাই মজদুর সংঘের ত্রিপুরা রাজ্য শাখা। মঙ্গলবার সংগঠনের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহার নেতৃত্বে ইপিএফ এর আঞ্চলিক কমিশনারের নিকট প্রদান করা হলো গণডেপুটেশন। রাষ্ট্রীয় সচিবের নেতৃত্বে এক প্রতিনিধি দল ইপিএফ আঞ্চলিক কমিশনারের সাথে দেখা করে দাবী জানান মোটা অংকের আর্থিক এই কেলেঙ্কারির তদন্তের। একই সাথে সংগঠন আরো দাবি জানান সাফাই কর্মীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা প্রদানের।



