কর্মসংস্থানের দাবিতে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত দেশব্যাপী যুব জাঠা সংঘটিত করার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থী যুব সংগঠন। এই জাঠা রাজ্যে সফল করার লক্ষ্যে এবং আগামী ১ থেকে ১২ আগস্ট রাজ্যব্যাপী আন্দোলন গড়ার লক্ষ্যে রবিবার আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -যৌথ ভাবে এই কনভেনশনের আয়োজন করে ।এর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার ।বক্তব্যে তিনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতিগুলি তুলে ধরেন। তিনি বলেন কর্মসংস্থানের ক্ষেত্রে আদালতের নির্দেশ মানছেনা সরকার ।এই পরিস্থিতিতে রাজ্য ও জাতীয় নীতির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার জন্য যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া এই কনভেনশনে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ।রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার রাজ্যের শ্রমিক থেকে শুরু করে ছাত্র যুবক সাধারণ মানুষ কোন অংশেরই চাহিদা পূরণ করতে পারছে না ।মানুষের জীবন জীবিকা বর্তমানে আক্রান্ত। রাজ্যের যুব সম্প্রদায়ের উপর একটা হতাশার অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে বলে জানান তিনি ।তিনি জানান , ২০২৩ সালের নির্বাচনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষাট শতাংশ মানুষ ভোট দিয়েছেন ।কিন্তু তারপরেও নির্বাচনী বিধির ফাঁকফোকর গলে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।কনভেনশনে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের ডিওআইএফআই নেতৃত্ব হিমগ্নরাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। এদিনের যুব কনভেনশনে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।



