রাজ্য সরকার সরকারি নিয়োগের ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক করেছে। এতে করে সরকারি বিভিন্ন দপ্তরে বহির রাজ্যের বেকারদের চাকরির সুযোগ হাতছাড়া হয়ে গেল। যা রাজ্যের বেকারদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। কিন্তু দেখা যায় যে, বহির রাজ্যের একাংশ যুবক অর্থের বিনিময়ে বিভিন্ন মহকুমা শাসকের কার্যালয় থেকে অবৈধভাবে ভুয়া পিআরটিসি সার্টিফিকেট সংগ্রহ করে চলেছে। যে সার্টিফিকেট দিয়ে বহির রাজ্যের বেকাররা চাকুরীর জন্য আবেদন পত্র জমা করছেন। এমনই গুরুতর অভিযোগ এনে গত বেশ কিছুদিন ধরে সরব হয়ে ওঠে কংগ্রেস দলের ছাত্র সংগঠন এন এস ইউ আই। তথ্য সহকারি প্রমাণ নিয়ে গত কিছুদিন আগে সদরের মহকুমা শাসকের দারস্ত হয় এই সংগঠনটি। কিন্তু অভিযোগের সততা খুঁজে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসন অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ। তাই এবার সরাসরি ভুয়া পিআরটিসি সংগ্রহকারীদের বেশ কয়েকজনের নাম দিয়ে থানায় মামলা দায়ের করল এনএসইউআই। শনিবার আগরতলা পশ্চিম থানার সামনে সংগঠনের প্রদেশ সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে কর্মীরা প্রথমে বিক্ষোভ দেখায়। পরে এক প্রতিনিধি দল থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করে লিখিত অভিযোগ তুলে দেয়। অবিলম্বে ভুয়া পি আর টি সি সংগ্রহকারীদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন আগামীদিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন ছাত্রনেতা শ্রী রায়।



