পরিবেশের ভারসাম্য যেভাবে দিন দিন নষ্ট হতে চলেছে তাতে করে আগামী দিনের পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করতে পারে। তাই আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন বেশি করে বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে ঘটা করে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কিন্তু এখন আর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেই শুধু নয়, সারা বছরই বিভিন্ন সংগঠন কিংবা সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। বৃহস্পতিবার আগরতলা এম বি বি কলেজ প্রাঙ্গনে এমনই এক কর্মসূচির আয়োজন করে এইম ফাউন্ডেশন ত্রিপুরা শাখা। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা, সমাজসেবী অসীম ভট্টাচার্যসহ আরো অনেকে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তবে শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই হবে না, একে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে যারা বৃক্ষরোপণ করলেন সেই সংস্থাকেই। লাগানো গাছ সঠিকভাবে পরিচর্যা করতে পারলেই এধরনের কর্মসূচির সার্থকতা আসবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী রাজিব ভট্টাচার্য বলেন, বৃক্ষরোপন একটি অপরিহার্য বিষয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ অত্যন্ত প্রয়োজনীয়। করোনার সময় অক্সিজেনের অভাবে অনেকেই তার প্রিয়জনকে হারিয়েছে। তাই একটা গাছ প্রত্যেকের কাছে কতটুকু উপলব্ধ, সেই সময় প্রত্যেকেই উপভোগ করতে পেরেছে।



