রাজ্যেও একের পর এক কার্যকর হতে চলেছে জাতীয় নয়া শিক্ষা নীতি। জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে রাজ্যের বেশ কিছু সংখ্যক বিদ্যালয়ে চালু করা হয়েছে প্রাক-প্রাথমিক শাখা। এই প্রি প্রাইমারি শাখার মধ্য দিয়ে কচিকাচাদের পঠন পাঠনে নতুন ভাবনা সংযোজন করা হয়। রাজ্যে এই মুহূর্তে স্কুলগুলিতে রয়েছে শিক্ষক স্বল্পতা। এরপরেও কম শিক্ষক দিয়ে কিভাবে কচিকাঁচাদের পঠন পাঠনে নতুন ভাবনা কার্যকর করা সম্ভব তার জন্য রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা অধিকর্তার অধীন প্রি প্রাইমারি সেলের উদ্যোগে আয়োজন করা হয় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বিশেষ কর্মশালার। মঙ্গলবার থেকে আগরতলা কুঞ্জবন স্থিত এসসিইআরটি কার্যালয়ে শুরু হলো এই কর্মশালা। পাঁচ দিন ব্যাপী আয়োজিত এই বিশেষ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা শরদিন্দু চৌধুরী। প্রাক প্রাথমিক স্তরের কচিকাঁচাদের শিক্ষাদানের বিষয়ের উপর শিক্ষাদানের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিভিন্ন স্কুলের ৬৫ জন শিক্ষক-শিক্ষিকা।



