প্রকাশ্য দিবালোকেই দুষ্কৃতিকারীদের আস্ফালন। তাও আবার রাজ্যের কোন প্রত্যন্ত এলাকা কিংবা জেলা মহকুমা শহরে নয়, খোদ রাজধানী আগরতলা শহরের বুকেই এই ঘটনা। দিন দুপুরে প্রকাশ্যেই বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন অপর এক বন্ধু। ঘটনা আগরতলা পশ্চিম থানার অন্তর্গত সিটি সেন্টার এলাকায়। রক্তাক্ত যুবকের নাম আবির দাস। বাড়ি রামনগর চারের শেষ প্রান্তে। ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুরে আবির তার এক বন্ধুর সাথে কোন একটি বিষয় নিয়ে সিটি সেন্টার এলাকায় বিবাদে জড়িয়ে পড়ে। এর মধ্যেই দাড়ালো অস্ত্র দিয়ে আবিরের শরীরে আঘাত করে তার বন্ধু। এতে রক্তাক্ত হয়ে পড়ে আবির। পরে তার চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আবিরকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যেই এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ। তবে কি বিষয়ে এই ঘটনার সূত্রপাত এবং তার বন্ধুর নাম কি, সে বিষয়ে কিছুই জানাতে পারেনি আবিরের পরিবারের লোকজন। প্রকাশ্যে দিবালোকে বন্ধুর ছুরির আগাতে বন্ধু রক্তাক্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে সিটি সেন্টার এলাকায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে নেমে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয়।



