মন্ত্রিত্ব পেয়েই নিজের হাতে থাকা দপ্তর গুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠেন তপশিলি জাতি কল্যাণ, প্রাণী ও পশুপালন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মহাকরণে হিম ঘরে বসে দপ্তরের কাজ পরিচালনা করতে অনিচ্ছুক। তাই নিজের হাতে থাকা দপ্তরগুলির প্রশাসনিক কার্যালয় গুলিতে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে ঘন ঘন অফিস পরিদর্শন করছেন তিনি। শুধু তাই নয়, অফিস পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ফার্ম, হোস্টেলও পরিদর্শন করছেন তিনি। শুক্রবার ফের আরো একবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলার কৃষ্ণনগর স্থিত ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেলে। এদিন আচমকা দপ্তরের আধিকারিকদের নিয়ে হোস্টেলকে পরিদর্শন করেন মন্ত্রী শ্রীদাস। পরিদর্শন কালে তিনি হোস্টেলের যাবতীয় দিক খতিয়ে দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে আবাসিকদের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। একইভাবে হোস্টেলে থাকা ছাত্রীরাও মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা তুলে ধরেন। মন্ত্রী অভিযোগ গুলি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন আবাসিকদের ।



