রাজ্যে জাল ফার্মেসি সার্টিফিকেট প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ভুয়া বিজ্ঞান বিভাগের সার্টিফিকেট আদায় করছে টাকার বিনিময়ে। তারপর ক্লাস না করে বাড়িতে বসেই ডিপ্লোমা ইন ফার্মেসি সার্টিফিকেট আদায় করছে বাঁকা পথে। এরকমই গুরুতর অভিযোগ এনে এবার সোচ্চার হলো ইন্ডিয়ান ফার্মাসিস্ট এসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখা।তাই অবৈধভাবে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস করে আসা ক্যান্ডিডেটদের আটকাতে অতিসত্বর ডিপ্লোমা এক্সিট এক্সাম চালু করা হোক। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন এসোসিয়েশনের রাজ্য শাখার কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে এদিন তারা আরও দাবি করেন, রাজ্যের ফার্মাসিস্ট এবং জনসাধারণের স্বার্থে ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিলের মনোনীত সদস্য পুনর্গঠন এবং বাকি ৬টি আসনে অতিসত্বর নির্বাচনের মাধ্যমে ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিলকে পূর্ণরূপে গঠন করার। মোট পাঁচ দফা দাবি জন সন্মুখে তুলে ধরে সংগঠনের কর্মকর্তারা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে এদিন ২০০ জন ফার্মাসিস্ট এলোপ্যাথিক নিয়োগের জন্য রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানায় সংগঠন।



