রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকাগুলি দিয়ে অবাধে চলছে পাচার বাণিজ্য। একাংশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের পরোক্ষ মদতে পাচারকারীরা বিভিন্ন নেশা সামগ্রী সহ অবৈধ সামগ্রিক প্রতিনিয়ত পাচার করে চলেছে। বিশেষ করে কোন কোন এলাকা যেন পাচারকারীদের কাছে নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। এমনই একটি এলাকা হলো নরসিংগড় ভাগলপুর এলাকা। সীমান্তবর্তী এই এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে একাংশ পাচারকারী। আর তাদের এই পাচার বাণিজ্যে বাধা দেওয়াই এবার আক্রান্ত হতে হলো এক যুবককে। আক্রান্ত যুবকের নাম সমীর দেব। সীমান্ত সংলগ্ন এলাকায় তার বাড়ি হওয়ায়, বাড়ির উপর দিয়েই প্রতিনিয়ত পাচারকারীরা বিভিন্ন নেশা সামগ্রী পাচার করছে। বিষয়টি মেনে নিতে না পেরে পাচারকারীদের বাধা দিলে, নেমে আসে তার উপর শারীরিক আক্রমণ। স্থানীয় কয়েকজন পাচারকারী সমীরকে বেধড়ক মারধর করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আগরতলা জি বি হাসপাতাল। পাচারকারীদের আক্রমণে ভেঙে গেছে তার হাত। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা। গোটা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাচার বাণিজ্যে বাধা দেওয়ার জন্য পাচারকারীদের হাতে নিরীহ যুবক আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।



