গত বেশ কিছুদিন আগেই আদালতের নির্দেশে বাতিল হয়ে যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ। যদিও এনিয়ে এখনো সর্বোচ্চ আদালতে চলছে মামলা। এর মধ্যেই জাতীয় কংগ্রেস দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে অনৈতিকভাবে সংসদ থেকে বহিষ্কারের অভিযোগ এনে গোটা দেশ জুড়ে প্রতিবাদস্বরূপ মৌন সত্যাগ্রহ আন্দোলনে সামিল হলো কংগ্রেস দলের নেতাকর্মীরা। বুধবার গোটা দেশেই অনুষ্ঠিত হয় এই আন্দোলন কর্মসূচি। ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও এদিন অনুষ্ঠিত হয় মৌন সত্যাগ্রহ আন্দোলন। কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার গান্ধী-ঘাটে। প্রদেশ কংগ্রেস আয়োজিত এদিনের এই মৌন সত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমির রঞ্জন বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন, রাজ্য কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইফলং। এদিন বেলা ১০ টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত কংগ্রেস দলের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন সত্যাগ্রহ আন্দোলনে সামিল হন। সর্বভারতীয় কর্মসূচিতে এদিন অংশ নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশে একটা ফ্যাসিবাদি সরকার রাজত্বে রয়েছে। ভারতীয় লোকতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন রাহুল গান্ধী। যে লড়াই এখনো চলছে।



