আগরতলা পৌর নিগমের বিভিন্ন এলাকায় চলছে স্মার্ট সিটি প্রকল্পের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে উন্নয়নমূলক কর্মসূচি। প্রায় প্রতিদিনই পৌরনিগমের মেয়র থেকে শুরু করে কর্পোরেটাররা বিভিন্ন এলাকা পরিদর্শন করে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনছেন। শুধু তাই নয় এলাকা পরিদর্শনকালে তারা স্থানীয় ভুক্তভোগীদের সমস্যা সমাধানের জন্য দিয়ে চলেছেন আশ্বাসও। কিন্তু সাধারণ মানুষকে দেওয়া সেই আশ্বাস কতটুকু বাস্তবায়ন হচ্ছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। নির্বাচনের আগে নিজেদের অনুকূলে ভোট টানতে বেহাল রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার। এলাকাবাসীদের আশ্বাস দিয়েছিলেন সম্ভব হলে নির্বাচনের আগে কিংবা নির্বাচন শেষ হবার পর দ্রুত বেহাল রাস্তা সংস্কার করে চলাচলের যোগ্য করে তোলা হবে। কিন্তু বাস্তবে কথা রাখলেন না কর্পোরেটর শ্রীমতি সেন সরকার। ঘটনা আগরতলা ইন্দ্রনগর বাংলার মাঠ এলাকায়। এই এলাকায় ১০ থেকে ১২ টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। একটি কাঁচা রাস্তার উপরই তাদের নির্ভরশীল। যে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশাই পরিণত হয়ে রয়েছে। নির্বাচনের আগে ভুক্তভোগীরা বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিলেন স্থানীয় কর্পোরেশনের নিকট। সেদিন তিনি আশ্বাস দিয়েছিলেন বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করেননি তিনি। এতে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ স্থানীয়রা। একইভাবে এলাকার বিধায়কের ভূমিকা নিয়েও হতাশ তারা। তাই ক্ষুব্ধ নাগরিকদের এখন একটাই দাবি বেহাল রাস্তাটি সংস্কার করে চলাচলের যোগ্য করে দেওয়ার। এখন দেখার বিষয় সংবাদের জেরে স্থানীয় কর্পোরেটর ও বিধায়কের টনক নড়ে কিনা।তার দিকে এখন তাকিয়ে রয়েছেন ইন্দ্রনগর বাংলার মাঠ এলাকার নাগরিকরা।



