মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চলছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন থেকে শুরু করে ক্লাব সামাজিক সংস্থা প্রতিনিয়ত সংঘটিত করে চলেছে রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি। যেভাবে সংস্থা গুলি স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করে চলেছে তাতে করে স্বাভাবিকভাবেই হাসপাতালের ব্লাড ব্যাংক গুলি অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এবার মেগা রক্তদান শিবির আয়োজনে এগিয়ে এলো রাজধানী আগরতলার স্মৃতি ক্লাব। রক্তদান মহৎ দান, রক্তেই কত জীবন বাঁচে। এই আহ্বানকে সামনে রেখে স্মৃতি ক্লাব রবিবার আয়োজন করে রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এলাকার বিধায়ক ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সমাজসেবী অসীম ভট্টাচার্য, সঞ্জয় সাহা সহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, রক্তের যেমন কোনো ধর্ম হয় না, তেমনি সামাজিক কাজকর্মেরও কোন ধর্ম নেই। তবে সবচেয়ে বড় ধর্ম হলো কর্ম। কাজের মাধ্যমেই মানুষের পরিচয় পাওয়া যায়। কিন্তু সামাজিক সমস্ত কাজের উর্ধ্বে হল রক্তদান। মানব জীবনের রক্ত দানের মত গিফট আর বড় কিছু হতে পারে না। রক্তদানে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে তাতে করে প্রত্যেকের মনেই একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।



