গত ২৫শে জুন রবিবার রাতে কৈলাশহরে বিকল্প জাতীয় সড়কে পঞ্চমনগর ভিকরাই পাড়া এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিলেন দুইজন। দুর্ঘটনায় মৃতরা হলেন ধনবিলাস এলাকার বাসিন্দা বিদ্যা বাঘী দেববর্মা ও নিকেন্দ্র দেববর্মা। সিঙ্গিরবিল বাজার থেকে বাজার করে নিজ বাড়ি ফেরার পথে ভিকিরাই পাড়া এলাকায় একটি গাড়ি পেছন দিক থেকে এসে তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিদ্যাবাগী ও নিকেন্দ্রের। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। যাদের চিকিৎসা চলছে এখন হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মৃত ও আহতদের পাশে থাকার আশ্বাস দেন। একই সাথে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা দেন দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার। মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস অনুযায়ী সোমবার দুর্ঘটনায় মৃত দুই ব্যক্তির পরিবার পেলেন সরকারি আর্থিক সহায়তা। এদিন মন্ত্রী টিংকু রায় মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের লোকদের সমবেদনা জানিয়ে ৪ লক্ষ টাকার অর্থ রাশির চেক তুলে দিলেন।



